রাজধানীর মোহাম্মদপুরে নারী, পুরুষ ও কিশোরসহ ১৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কয়েকজনের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, মোহাম্মদপুর এলাকায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে নারীসহ ১৩ ছিনতাইকারীকে
গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড ও একটি করাত কাটার চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন কিশোর ও একজন নারী রয়েছেন।
ওসি আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে হাসনাইন হাসান বিশেষভাবে উল্লেখযোগ্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে। এই চক্রের সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের টার্গেট করতেন। অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা নারীদের অসাবধানতার সুযোগ নিয়ে ব্যাগ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন তারা।
নবীনগর থেকে বিগার রুবেল ও জোটন গ্রেপ্তার : এদিকে শুক্রবার রাতে মোহাম্মদপুর থানার নবীনগর এলাকায় ছিনতাই, ডাকাতি, মারামারি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে রুবেল ওরফে বিগার রুবেল ও রিয়াজ ওরফে জোটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা জানান, রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি মামলার জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদপুরের নবীনগর এলাকা থেকে বিগার রুবেল ও জোটনকে গ্রেপ্তার করা হয়। তিনি নবীনগর হাউজিং এলাকায় থাকতেন। এ ছাড়া রিয়াজ ওরফে জোটনের বাড়ি আদাবরের শ্যামলী হাউজিংয়ের দ্বিতীয় প্রকল্প এলাকায়। বিগার রুবেলের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, মারামারি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। একই ধরনের অভিযোগে রিয়াজ ওরফে জোটনের বিরুদ্ধে রয়েছে ছয়টি মামলা।
ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার : এ ছাড়া মোহাম্মদপুর থানার কলেজ গেটসংলগ্ন মিরপুর রোডের মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে ছিনতাইয়ের প্রস্তুতির সময় মো. হাসনাইন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, গ্রেপ্তার হাসনাইনের বাড়ি ভোলার বোরহানউদ্দিন থানার দিঘীরপাড় এলাকায়। হাসনাইন সুইচ গিয়ারটি নিজের হেফাজতে রেখে ওই স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন। উদ্ধার করা সুইচ গিয়ারটির খোলা অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
