উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়াস্থিত শাহজালাল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ‘নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, “আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে এবং এর সুফল জগন্নাথপুরবাসীও ভোগ করবে। আমি প্রতিশ্রুতি দিয়েছি জগন্নাথপুরকে একটি মডেল উপজেলায় রূপান্তর করব। তবে একা এই কাজ করা সম্ভব নয়; সবার সহযোগিতা পেলে আমি অবশ্যই সফল হব। আগামী ১০ বছরের মধ্যে জগন্নাথপুরকে আমরা দেশের সর্বোচ্চ জায়গায় দেখতে চাই।”
শিক্ষা খাতের অগ্রগতি ও কলেজের উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের সরকার শিক্ষাবান্ধব। বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ বাজেট শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। শাহজালাল মহাবিদ্যালয় সরকারীকরণ, সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণ এবং ডিগ্রি স্তরে উন্নীত করার জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা ও অনুদান থাকবে।” শাহজালাল মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় যুক্তরাজ্য প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও স্থানীয় প্রতিনিধিবৃন্দ শাহজালাল মহাবিদ্যালয়কে ডিগ্রিকরণ, সরকারীকরণ এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের জোরালো দাবি জানান।
শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল কবিরের সভাপতিত্বে এবং প্রভাষক তাশনিমুল শিহাবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ এবং জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস সোবহান।
এছাড়াও বক্তব্য রাখেন কলকলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হাশিম, শিক্ষানুরাগী এম সাদিকুর রহমান নান্নু, আনিছুর রহমান, আব্বুস সালাম, হুমায়ুন কবীর, জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ এবং সাবেক শিক্ষার্থী জিল্লুল হক।
অনুষ্ঠানে বক্তারা কলেজের ইতিহাস তুলে ধরে বলেন, কলেজটি বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর জমি দান করেছিলেন প্রখ্যাত দানবীর হাজী ইশরাক আলী। কলেজটির শিক্ষার মান ও পরিধি বাড়াতে দ্রুত ডিগ্রি কোর্স চালু এবং সীমানা প্রাচীর নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাজহারুল ইসলাম এবং গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লাবনী রানী নাথ। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন মোঃ ইমন আহমেদ এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন প্রথম বর্ষের শিক্ষার্থী রেদোওয়ান হোসেন রিয়াদ।
অনুষ্ঠানে সংসদ সদস্য নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে কলেজের শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে শিক্ষক শিব্বির আহমেদ প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
