Published : 14 Oct 2026, 02:00 PM
Updated : 14 Oct 2026, 02:00 PM
মোবাইল আর্থিক সেবার কোম্পানি নগদ নতুন অ্যাপ চালু করেছে।
নগদ বলছে, নতুন এই অ্যাপে লেনদেনের নিরাপত্তা জোরদার এবং প্রতারণার ঝুঁকি কমাতে যন্ত্রভিত্তিক নিরাপত্তাব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে।
নতুন অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। নিরবচ্ছিন্নভাবে লেনদেন চালিয়ে যেতে গ্রাহকদের অ্যাপটি হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দিয়েছে নগদ।
মঙ্গলবার নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন অ্যাপে গ্রাহকের হিসাবের নিরাপত্তা বাড়াতে ‘ডিভাইস বাইন্ডিং’ সুবিধা চালু করা হয়েছে। এ ছাড়া সন্দেহজনক কার্যক্রম শনাক্ত ও প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা যুক্ত করা হয়েছে।
নগদের ভাষ্য, অ্যাপটিতে একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা এবং জালিয়াতি শনাক্ত করার প্রযুক্তি রয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের হিসাব সুরক্ষিত রাখা এবং লেনদেনে প্রতারণার ঝুঁকি কমানোই তাদের লক্ষ্য।
লেনদেন সহজ করার উদ্যোগ
নতুন অ্যাপটির নকশা ও ব্যবহারপ্রক্রিয়া আরও সহজ করার কথা জানিয়েছে নগদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অ্যাপের গতি ও সাড়াদানের সময় উন্নত করা হয়েছে। গ্রাহকদের বেশি ব্যবহৃত সুবিধাগুলোও সহজে খুঁজে পাওয়ার মতো করে সাজানো হয়েছে।
নতুন অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো, পেমেন্ট, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, ইউটিলিটি বিল পরিশোধ এবং আন্তঃলেনদেন সুবিধা মিলবে।
নগদ বলছে, অ্যাপটিকে ধাপে ধাপে আরও উন্নত করা হবে এবং গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী নতুন সুবিধা যুক্ত করা হবে। ভবিষ্যতে ঋণ, স্থায়ী আমানত ও বীমাসেবাও চালুর পরিকল্পনা রয়েছে তাদের।
নিরাপত্তায় অগ্রাধিকার
নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, গ্রাহকদের সুবিধা দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন অ্যাপ চালু করা হয়েছে।
“নতুন অ্যাপে আমরা আধুনিক ইউজার ফ্রেন্ডলি অভিজ্ঞতার পাশাপাশি শক্তিশালী নিরাপত্তা কাঠামো যুক্ত করেছি। ফলে গ্রাহকরা আরও সহজে, দ্রুত এবং একই সঙ্গে নিজের তথ্য ও অর্থকে সুরক্ষিত রেখে তাদের দৈনন্দিন সব ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন।”
নগদ জানিয়েছে, নতুন অ্যাপের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করার পাশাপাশি দেশের নগদবিহীন লেনদেনের প্রসারেও ভূমিকা রাখতে চায় তারা।
