টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে নতুন অধিনায়কের নেতৃত্বে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতে চায় বাংলাদেশ। এরই মধ্যে দলের প্রত্যেক ক্রিকেটারকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন লিটন। সতীর্থদের মধ্যে তাকে নিয়ে আত্মবিশ্বাসও প্রবল। এমনটাই জানিয়েছেন লিটনের সতীর্থ মোসাদ্দেক হোসেন সৈকত। তার মতে, মাঠের পারফরম্যান্সেই সেই আস্থার প্রতিফলন দেখাতে আগ্রহী সব ক্রিকেটার। তিনি আরো জানান, আবুধাবির তীব্র গরমের সঙ্গে মানিয়ে নেওয়াও অন্যতম চ্যালেঞ্জ।
বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে এবার তার পরিবর্তে অধিনায়ক করা হয়েছে লিটনকে। আজ আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজের অন্য দল আফগানিস্তান।
ম্যাচের আগে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে হাজির হন মোসাদ্দেক। তিনি বলেন, লিটনকে নিয়ে দলের সবাই রোমাঞ্চিত। নতুন অধিনায়ক সতীর্থদের দায়িত্বও বুঝিয়ে দিয়েছেন। তার ভাষায়, ‘গতকাল রাতেও আমাদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়, সবাই নিজের দায়িত্বের জায়গা থেকে খুবই পরিষ্কার। লিটনকে আমরা সবাই আগে থেকেই চিনি, খুবই এক্সাইটেড সবাই। সে উইকেটের পেছনে দাঁড়িয়ে যেভাবে খেলাটা বুঝতে পারে, এগুলো সুবিধাজনক। আমার কাছে মনে হয়, সে অধিনায়ক হিসেবে ভালো করবে। এখন দল হিসেবে আমরা সেটা মাঠে প্রমাণ করব, ইনশা আল্লাহ।’
দল হিসেবে ভালো খেলাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, মাঠের ক্রিকেটটা ভালো খেলতে পারলে সেখানেই প্রমাণ করে দেওয়া যাবে আমরা কতটা ভালো দল। সবাইকে মিলেই প্রমাণ করতে হবে দল হিসেবে আমরা কতটা ভালো করতে পারছি। ক্রিকেট দলগত খেলা। এখানে দল হিসেবে কত ভালো করতে পারছি, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
এদিকে আবুধাবির গরমও বাংলাদেশের জন্য বড় পরীক্ষা। আগে এখানে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে নামার আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা।
মোসাদ্দেক বলেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। আমাদের দেশ থেকে এখানে গরম বেশি। আজকের আবহাওয়া একটু বেশি গরম। যারা পরে এসেছি, আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজ ও কালকের অনুশীলনে আমার কাছে মনে হয়, প্রথম ম্যাচের আগে এখানে মানিয়ে নিতে পারব।’
