এক স্থানীয় ব্যক্তি হামলাকারীকে ধাওয়া করে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন। ওই ব্যক্তির গুলিতেই কিশোরটি নিহত হয়
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বছর বয়সী এক কিশোরের গুলিতে তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। পরে এক প্রত্যক্ষদর্শীর গুলিতে ওই কিশোর নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি।
অঙ্গরাজ্যটির বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে গতকাল হামলা চালায় ওই কিশোর। পুলিশের ভাষ্য অনুযায়ী, তালাবদ্ধ দরজায় গুলি করে সে বিদ্যালয়ে ঢোকে।
বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ বলেন, এক স্থানীয় ব্যক্তি হামলাকারীকে ধাওয়া করে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন। ওই ব্যক্তির গুলিতেই কিশোরটি নিহত হয়।
নিহত তিন শিশুর বয়স ছিল পাঁচ, আট ও ১১ বছর। এ ঘটনায় সাত বছর বয়সী এক শিশু এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর সঙ্গে বিদ্যালয়টির কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা, তা এখনো স্পষ্ট নয়।
স্থানীয় স্কুল ডিস্ট্রিক্টের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা স্টিভেন কুক এক বিবৃতিতে বলেন, ‘এই অর্থহীন মর্মান্তিক ঘটনায় আমরা হতবাক ও শোকাহত।’
বেন্ড পুলিশ বিভাগের মুখপাত্র শিলা মিলার সাংবাদিকদের জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৯ মিনিটে সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলার খবর পেয়ে জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে যায়।
পুলিশকে প্রথম ফোনকলে এক ব্যক্তি জানান, অজ্ঞাত এক ব্যক্তি বড় আগ্নেয়াস্ত্র দিয়ে তার গাড়িতে গুলি চালাচ্ছেন। এর কয়েক মিনিট পর স্থানীয় কাউন্টির জরুরি সেবা বিভাগে ৯১১ নম্বরে একাধিক ফোন আসে। ফোনকারীরা জানান, হামলাকারী বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়ে ঢোকার জন্য হামলাকারী দরজার তালা লক্ষ্য করে গুলি চালায়।
হামলা হতে দেখে এক প্রত্যক্ষদর্শী ওই কিশোরকে ধাওয়া করে বিদ্যালয়ের ভেতরে যান এবং তাকে গুলি করে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
এর তিন মিনিট পর ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কর্মকর্তারা। তারা হামলাকারীকে মৃত অবস্থায় পান। এরপর বিদ্যালয়ের ভেতরে তল্লাশি চালান তারা।
পুলিশপ্রধান মাইক ক্রান্টজ জানান, নিহতদের মধ্যে পাঁচ, আট ও ১১ বছর বয়সী তিন শিশু এবং একজন শিক্ষক রয়েছেন। সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষককে ‘গুরুতর আহত’ অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, হামলাকারী স্থানীয় ১৬ বছর বয়সী এক কিশোর। তবে তদন্ত চলমান থাকায় তার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা।
নিহত ব্যক্তি, হামলাকারী কিংবা তাকে গুলি করা ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে প্রায় ৪৫০ জন শিশু পড়াশোনা করে। বিদ্যালয়টিতে ৪০ জনের বেশি প্রাপ্তবয়স্ক কর্মী রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিদ্যালয়টিতে নতুন দরজা লাগানো হয়েছিল। সুইচের সাহায্যে এসব দরজা দিয়ে শ্রেণিকক্ষের প্রবেশপথ বন্ধ করা যায়।
কে-১২ স্কুল শুটিং ডেটাবেজের তথ্যানুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রের স্কুলগুলোয় ২৩৫টি গুলির ঘটনা ঘটেছে। চলতি বছর এখন পর্যন্ত এমন ঘটনা ঘটেছে অন্তত ১৪০টি, যার মধ্যে সর্বশেষ হামলাটিও রয়েছে।
