জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর বিশেষ অভিযানে ২১৭ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় তৈরি বিদেশি মদ ও একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জের বৈষ্ণব পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনায় ডিবি-১-এর এসআই (নিঃ) মো. শাহজাহানের নেতৃত্বে গোয়েন্দা দলের সদস্যরা এ অভিযান চালান।
ডিবি সূত্রে জানা যায়, বৈষ্ণব পাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুজাত মিয়া (৩৭), সিফাত (২০), রুবেল মিয়া (২৭), ফুরকান হোসেন (১৯) ও আমান উল্লাহ উদয় (২৭)।
অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল ভারতীয় মদ, যার পরিমাণ প্রায় ১ লাখ ১৪ হাজার মিলিলিটার এবং আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাপথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রির কথা জানিয়েছেন বলে ডিবি সূত্রে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি)/ ৫(ডি) ধারায় বকশীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের বক্তব্য: মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। এ কাজে তিনি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত—জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।
