চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে রাতে টোকিওর উদ্দেশে রওনা দেবেন তিনি। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা টোকিওর উদ্দেশ্যে যাত্রা করবেন বলে প্রেস উইং সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফরে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব প্রসার এবং নতুন জাপানি বিনিয়োগ আকর্ষণে জোর দেবে বাংলাদেশ।
জানা গেছে, প্রধানমন্ত্রীর জাপান সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরসঙ্গী হচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মসংস্থান বিষয়ক) ড. শাকিরুল ইসলাম খান শাকিলসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, মিডিয়া টিম এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস সূত্র জানায়, সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান। বৈঠক শেষে দুদেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের পাশাপাশি একটি যৌথ বিবৃতি প্রকাশের কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং দেশটির শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করবেন। এ ছাড়া তিনি চিবায় অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্র এবং নাগোয়ার টয়োটা কারখানা পরিদর্শন করতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও জাপানের মধ্যে ২০২৩ সালে প্রতিষ্ঠিত ‘কৌশলগত অংশীদারত্ব’কে আরও সুদৃঢ় করতেই প্রধানমন্ত্রীর এ সফর। এতে বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, শক্তি খাত, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ মানবসম্পদ রপ্তানির মতো খাতগুলো অগ্রাধিকার পাবে। সফর শেষে আগামী ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
