
রায়পুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শুরু হয়েছে তথ্য সংগ্রহ কার্যক্রম। সকালে উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাযহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল ও বিএনপি নেতা ছালেহ আহাম্মেদ, এডভোকেট এমরানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সরকারের এ কর্মসূচির আওতায় দরিদ্র, অতিদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে চিহ্নিত করে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে নারীর মর্যাদা, অধিকার ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
কর্মসূচির অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। এতে দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, তথ্য সংগ্রহ ও উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং প্রকৃত দরিদ্র পরিবারের অগ্রাধিকার নিশ্চিত করা জরুরি। সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা গেলে এ কর্মসূচি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রায়পুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে সরকারের এ সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগ বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শুরু হলো।
