সংবাদ · সাধারণ
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
২২/১০/২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ফকির জহির রহমান (৪০) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জহির রহমান পাশের উপজেলা আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জহিরের বাড়ি আড়াইহাজারে হলেও তিনি বেশ কিছুদিন ধরে মুন্সিগঞ্জ সদরে ভাড়া বাসায় বসবাস করতেন। চর কিশোরগঞ্জ এলাকায় তার নিজস্ব একটি ফার্মেসি রয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতেও ফার্মেসি বন্ধ করে মুন্সিগঞ্জের বাসায় ফিরছিলেন জহির। পথে চর কিশোরগঞ্জ এলাকায় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে পালিয়ে যায়।’পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় কিংবা হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
মূল প্রতিবেদনে যান ↗