শারীরিক প্রতিবন্ধকতা আর চরম দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন সংগ্রাম করে টিকে থাকা দুই সন্তানের জনক আব্দুর রশিদের পাশে দাঁড়িয়েছে গাইবান্ধা জেলা পরিষদ। মাথা গোঁজার নিজস্ব ঠাঁইহীন এ অসহায় মানুষের জীবনের চাকা ঘুরিয়ে দিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (১২ অক্টোবর) জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে আব্দুর রশিদের হাতে ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক আনুষ্ঠানিকভাবে এ আর্থিক সহায়তা হস্তান্তর করেন।
আব্দুর রশিদ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের মৃত তজের আলীর ছেলে। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি চরম অর্থনৈতিক অনটন ও বাসস্থানহীনতার কষ্টের কথা জানতে পেরে দ্রুত সহায়তার নির্দেশ দেন জেলা পরিষদ প্রশাসক।
অনুদান হস্তান্তরকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত আব্দুর রশিদ জানান, এই আর্থিক অনুদান তাঁর মতো নিঃস্ব মানুষের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে নতুন আশার আলো সঞ্চার করবে। সমাজে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
জেএইচআর
