ঢাকা,২৫ অক্টোবর-সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে সব ফ্লাইট স্থগিত রাখার মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ দুই রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে।
তবে সৌদি আরবে যাতায়াতের জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বিমান। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে। টিকিট এবং ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এসব রুটের যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। যাত্রার আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
এস এম/ ২৫ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি, ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত first appeared on DesheBideshe.