বিগ ব্যাশে আবারও দেখা যাবে রিশাদ হোসেনের ঘূর্ণি। গত মৌসুমে অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে হোবার্ট হারিকেনসের আস্থার প্রতিদান দিয়েছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। এবারও তাকে দলে রেখে সেই আস্থারই প্রতিফলন দেখিয়েছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিটি। নতুন মৌসুমে রিশাদের প্রথম ম্যাচ ১৭ ডিসেম্বর, ঘরের মাঠে প্রতিপক্ষ ব্রিসবেন হিট।
গত আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হোবার্টের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন রিশাদ। পুরো টুর্নামেন্টে কোনো স্পিনারই তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। ৭.৮২ ইকোনমি রেটে বোলিং করে দলের সাফল্যে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। স্বাভাবিকভাবেই তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে হোবার্টের মৌসুমসেরার পুরস্কারও উঠেছিল তার হাতে।
রিশাদকে আবারও দলে পেয়ে উচ্ছ্বসিত হোবার্ট কর্তৃপক্ষ। দলের হাইপারফরম্যান্স জেনারেল ম্যানেজার স্যালিয়ান বিমস জানিয়েছেন, গত মৌসুমে হোবার্টে কাটানো সময় উপভোগ করেছিলেন রিশাদ। তাই এবারও ফিরতে চেয়েছিলেন তিনি, ‘রিশাদ আমাদের কাছে পরিষ্কারভাবে জানিয়েছিল যে গত মৌসুমে হোবার্টে কাটানো সময়টা সে দারুণ উপভোগ করেছিল এবং সে ফিরে আসতে চেয়েছিল। বিষয়টি আমাদের কাছে সত্যিই অনেক গুরুত্বপূর্ণ ছিল।’
এবার হোবার্টের বোলিং আক্রমণে রিশাদের সঙ্গে থাকছেন অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ফলে দুই ভিন্ন ধরনের লেগ স্পিনারকে নিয়ে প্রতিপক্ষ ও কন্ডিশন অনুযায়ী বোলিং পরিকল্পনা সাজানোর সুযোগ পাচ্ছে দলটি। বিমসের মতে, জাম্পার অভিজ্ঞতার পাশাপাশি মাঝের ওভারগুলোতে রিশাদের কার্যকারিতা হোবার্টের বোলিং আক্রমণে বাড়তি বৈচিত্র্য যোগ করবে।
১২ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নতুন মৌসুম। তবে হোবার্টের হয়ে রিশাদের মাঠে নামার অপেক্ষা শেষ হবে ১৭ ডিসেম্বর। ব্রিসবেন হিটের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২০ ডিসেম্বর পার্থ স্কোরচার্সের বিপক্ষে খেলবে হোবার্ট। ২৪ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডস এবং ২৯ ডিসেম্বর মেলবোর্ন স্টার্সের মুখোমুখি হবে দলটি।
নতুন বছরের প্রথম দিন ব্রিসবেন হিটের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে হোবার্ট। ৫ জানুয়ারি প্রতিপক্ষ সিডনি থান্ডার। এরপর ৯ ও ১২ জানুয়ারি অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে টানা দুটি ম্যাচ খেলবে তারা। ১৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মাঠে নামার পর ১৭ জানুয়ারি সিডনি সিক্সার্সের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে রিশাদদের দল।
বিগ ব্যাশের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ জানুয়ারি। গত মৌসুমের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবারও হোবার্টের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠতে চাইবেন রিশাদ।
হোবার্ট হারিকেনসের সূচি
১৭ ডিসেম্বর হোবার্ট হারিকেনস-ব্রিসবেন হিট
২০ ডিসেম্বর পার্থ স্কোরচার্স-হোবার্ট হারিকেনস
২৪ ডিসেম্বর হোবার্ট হারিকেনস-মেলবোর্ন রেনেগেডস
২৯ ডিসেম্বর হোবার্ট হারিকেনস-মেলবোর্ন স্টার্স
১ জানুয়ারি ব্রিসবেন হিট-হোবার্ট হারিকেনস
৫ জানুয়ারি হোবার্ট হারিকেনস-সিডনি থান্ডার
৯ জানুয়ারি হোবার্ট হারিকেনস-অ্যাডিলেড স্ট্রাইকার্স
১২ জানুয়ারি অ্যাডিলেড স্ট্রাইকার্স-হোবার্ট হারিকেনস
১৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্স-হোবার্ট হারিকেনস
১৭ জানুয়ারি হোবার্ট হারিকেনস-সিডনি সিক্সার্স
