বড়লেখায় ব্রিকস ফিল্ডে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
0-4096x1872-0-0-{}-0-12#bokehtype:0#;ts:700695537661000;appts:1792313650793;qlty:1;;illum:2 scene:0 humanIn:1;
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মৌলভীবাজারের বড়লেখায় ব্রিকস ফিল্ডে ৫ লাখ টাকা চাঁদা দাবি, আগুন দেওয়ার হুমকি ও শ্রমিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রবাসী ব্যবসায়ী ইমরান আহমদ।
রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। ইমরান আহমদ উপজেলার ১০ নম্বর দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাশেমনগর গ্রামের বাসিন্দা। তিনি ‘প্রোঃ ওয়েস্টার্ন কংক্রিট প্রোডাক্টস ব্রিকস ফিল্ড’-এর স্বত্বাধিকারী।
লিখিত বক্তব্যে ইমরান আহমদ অভিযোগ করেন, নাজিম উদ্দিন, ইসলাম উদ্দিন, ওয়াহিদ আলী ও সাইফুর রহমানসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা করছেন। এর আগে ইসলাম উদ্দিন ব্রিকস ফিল্ডে যাওয়ার রাস্তা দখল করে বাঁশের বেড়া দেন। প্রতিবাদ করায় তাঁকে ধারালো দা দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তিনি আদালতে এনজিআর ১৬৫/২০২৬ নম্বর মামলা করেছেন বলে জানান। মামলাটি বিচারাধীন রয়েছে বলে তাঁর দাবি।
ইমরান আহমদের অভিযোগ, আগের মামলার বিষয়টি জানার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ১২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা ব্রিকস ফিল্ডে প্রবেশ করেন। এ সময় শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সামনে প্রতিষ্ঠান চালাতে হলে ৫ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রতিষ্ঠানটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। এতে ভয়ে শ্রমিকেরা কাজ ছেড়ে চলে যান। ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়ে। স্থানীয় মুরব্বিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সমাধান হয়নি বলে দাবি করেন তিনি। পরে মৌলভীবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর. মামলা করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান ইমরান আহমদ।
তিনি বলেন, তাঁর প্রতিষ্ঠানে অনেক শ্রমিক কাজ করেন। এ ধরনের ঘটনায় ব্যবসার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে ইমরান আহমদ অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠান ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
