আগামী প্রজন্মের জন্য বিশুদ্ধ বাতাস ও আল্লাহকে রাজিখুশি করতে সদকায়ে জারিয়া হিসেবে ৩৪ বছর ধরে নিজ উদ্যোগে পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি স্থাপনের মধ্যদিয়ে সরকারি রাস্তার পাশে নানা ধরনের গাছের চারা লাগিয়ে আলোচনায় আসা ভোলার সেই মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুলের (৬০) ব্যতিক্রমী এই কর্মকাণ্ডের খবর পৌঁছে গেছে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তিনি।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর '৩৪ বছর ধরে নিজ উদ্যোগে গাছ লাগিয়ে গ্রামের চিত্র বদলে দিলেন ইমাম' শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ঢাকা পোস্টে। অন্যান্য গণমাধ্যমেও তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রেজাউল কিবরিয়া বাবুল বলেন, সচিবালয়ে প্রায় ১ ঘণ্টার মতো আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সব জেনেছেন এবং জেনে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। পরে তিনি ধন্যবাদ জানান। এছাড়া সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নে। তিনি স্থানীয় জনতা বাজার-সংলগ্ন কালাপানিয়া বাইতুল মামুর জামে মসজিদের ইমাম, এই মসজিদেই দুই যুগ ধরে ইমামতি করছেন তিনি। সেখানকার সম্ভ্রান্ত মাস্টার তোফায়েল আহমেদ সেক্রেটারির আট ছেলে-মেয়ের মধ্যে তিনি চার নম্বর। তার স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়,পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ইহকাল ও পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশে প্রায় তিন যুগ ধরে মসজিদে ইমামতির পাশাপাশি সরকারি রাস্তার পাশে নানা ধরনের বৃক্ষরোপণ করে আসছেন তিনি। ইতোমধ্যে বদলে দিয়েছেন চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের বাউল সড়কের দুপাশের চিত্র। তার এ ব্যতিক্রমী কর্মকাণ্ড শুরু হয়েছিল ১৯৯৩-৯৪ সালে ৮ লাখ টাকায় পৈতৃক সম্পত্তি বিক্রি করে স্থানীয় ভূইয়ারহাটে গাছের নার্সারি স্থাপনের মধ্য দিয়ে। সে সময়ে মাইকে ঘোষণা দিয়ে মানুষকে বিভিন্ন গাছের চারা দিয়েছেন এবং গাছ লাগানোর জন্য উদ্ধুদ্ধও করেছেন, সেখান থেকেই শুরু। এ পর্যন্ত প্রায় ৫০-৬০ হাজার ফলদ ওষুধিসহ অন্যান্য গাছের চারা লাগিয়েছেন।
এরমধ্যে শুধু তাল গাছের বীজই রয়েছে প্রায় ২৫-৩০ হাজার। তবে নানান কারণে সব গাছ টিকিয়ে রাখতে পারেননি তিনি। স্থানীয় ওমরপুর ইউনিয়নের বাউল সড়ক ছাড়াও আরও চারটি সড়কে গাছ লাগিয়ে যাচ্ছেন তিনি।
মো.খাইরুল ইসলাম/ এনটি
