Published on
:
2 min read
এই সময়, দুর্গাপুর: বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের স্টিল টাউনশিপের বি-জ়োন অঞ্চলের নিউটন এলাকা। এক তৃণমূল কর্মীকে ড্রেনে ফেলে বেধড়ক মারধর করা এবং পুলিশের সামনেই উভয় পক্ষের হাতাহাতিতে এলাকাটি রণক্ষেত্রের আকার ধারণ করে। খবর পেয়ে নিউটন ফাঁড়ি ও দুর্গাপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তৃণমূলের প্রাক্তন শ্রমিক নেতা বান্টি সিংকে কেন্দ্র করেই এই অশান্তির সূত্রপাত বলে জানা গিয়েছে। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে গা-ঢাকা দিলেও অভিযোগ, বিজেপিরই একাংশের সহায়তায় সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। এর পরে বিজেপি কর্মীরা তাঁর বাড়িতে চড়াও হলে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং রাতেই ছেড়ে দেয়। এতে অসন্তুষ্ট হন স্থানীয় বিজেপি কর্মীরা। দু’দিন আগে নিউটনে বিজেপির টাঙানো বিজয়ার ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে বান্টির অনুগামীদের বিরুদ্ধে।
শনিবার সকালে বিজেপি কর্মীরা সেখানে জড়ো হয়ে বান্টিকে দেখতে পেয়েই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। বান্টির বাড়িতে চড়াও হয়ে ইট ও ডিম ছোড়া হয়। বাধা দিলে হাতাহাতি শুরু হয় এবং এক তৃণমূল কর্মীকে ড্রেনে ফেলে পেটানো হয়।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি কর্মী দিব্যেন্দু গাইন বলেন, ‘তৃণমূলে থাকার সময়ে বিজেপি কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের উপরে প্রচুর অত্যাচার করেছে বান্টি সিং ও তাঁর বাহিনী। এখনও সেই সন্ত্রাস করার চেষ্টা করছে সে। সেটা করতে দেবো না। বান্টিকে আমাদের দলের যদি কেউ মদত দেয় তা হলে এলাকায় বিজেপির ভাবমূর্তি নষ্ট হবে।’
বান্টির বক্তব্য, ‘দিব্যেন্দু কী কারণে আমার উপরে হামলা করেছে জানি না। আমি তৃণমূল কর্মী কম, সমাজসেবী বেশি ছিলাম।’ বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের দাবি, ‘বান্টি সিং সাধু নয়। একটা সময়ে স্টিল টাউনশিপে সন্ত্রাস করেছে। পুলিশ-প্রশাসনকে বলব বান্টি ও তার অনুগামীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে।’
অন্য দিকে, দুর্গাপুরের বেনাচিতি অঞ্চলের নতুনপল্লিতে রাতের অন্ধকারে বেছে বেছে তৃণমূল কর্মীদের বাড়িতে ইটবৃষ্টি ও গালিগালাজ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার মধ্যরাতে তিন যুবক গাড়ি নিয়ে এসে রাস্তার ইটের টুকরো তুলে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে ছুড়তে থাকে, যাতে ঘরের জানলার কাচও ভেঙে যায়। এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে। স্থানীয় তৃণমূল কর্মী সঞ্জয় রায় বলেন, ‘যারা ইট ছুড়েছে তারা ৪ তারিখের পরে বিজেপিতে যোগ দিয়েছে। আগে তৃণমূল করত। এর আগেও একবার আমাদের বাড়িতে হামলা করেছিল ওই তিন যুবক।’ যদিও বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, ‘যারা ইট ছুড়েছে তারা বিজেপি কর্মী নয়। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।’
