হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে প্রেমের গুঞ্জনে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ। অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ‘অফিস রোমান্স’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর বাস্তব জীবনেও তাঁরা সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে দুজনই এর আগে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন।
‘পেজ সিক্স’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে এক প্রতিভা ব্যবস্থাপকের আয়োজিত অনুষ্ঠানে একই গাড়িতে করে আসতে ও ফিরতে দেখা যায় জেনিফার ও ব্রেটকে। যদিও অনুষ্ঠানে তাঁরা আলাদাভাবে প্রবেশ করেছিলেন।
প্রতিবেদনে উদ্ধৃত একটি সূত্রের দাবি, ৫৭ বছর বয়সী জেনিফার লোপেজ ও ৪৬ বছর বয়সী ব্রেট গোল্ডস্টেইন একসঙ্গে পার্টি ও রেস্তোরাঁয় যেতে পছন্দ করেন। সূত্রটি জেনিফারের সাবেক স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে তাঁর জনসমক্ষে ঘোরাঘুরির প্রসঙ্গ টেনেও মন্তব্য করেছে।
জেনিফার ও ব্রেটকে ঘিরে প্রেমের গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৫ সালের মার্চে তাঁদের একসঙ্গে ব্রডওয়ের নাটক ‘ওহ, মেরি!’ দেখতে যেতে দেখা যায়। সে সময় ‘অফিস রোমান্স’ সিনেমার শুটিংও শুরু হয়নি।
চলতি বছরের শুরুতে অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’ অনুষ্ঠানে ব্রেটের প্রশংসা করেছিলেন জেনিফার। একসঙ্গে সিনেমায় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তাঁকে ‘সেরা চুম্বনসঙ্গী’ বলেও উল্লেখ করেন তিনি। এ মন্তব্যের পর তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়ে যায়।
অন্যদিকে, ব্রেটও বহু বছর ধরে জেনিফারের প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করে আসছেন। ২০১৯ সালের ডিসেম্বরে নিজের পডকাস্ট ‘ফিল্মস টু বি বারিড উইথ’-এ জেনিফারের ‘হাস্টলার্স’ সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়ে তাঁর বয়সের প্রসঙ্গ তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রেট। সে সময় তিনি বলেছিলেন, ‘এ কী! ৫০! তাঁর বয়স ৫০। আমি তাঁকে ভালোবাসি।’
তবে প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি প্রশ্নের মুখে ভিন্ন অবস্থান জানিয়েছেন এই দুই তারকা। ‘অফিস রোমান্স’ সিনেমার প্রচারের সময় ‘টুডে’ অনুষ্ঠানে সঞ্চালক সাভানা গুথরি তাঁদের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে জেনিফার বলেন, ‘আমরা প্রেম করছি না।’ ব্রেটও তাঁর কথায় সম্মতি জানান।
জেনিফার আরও বলেন, তিনি যার সঙ্গেই কাজ করেন, তাঁকে ঘিরেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
সব মিলিয়ে, একসঙ্গে সময় কাটানো, পর্দায় রসায়ন এবং একে অপরের প্রশংসা—এসব কারণে জেনিফার ও ব্রেটের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। তবে তাঁদের কেউই প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।
