নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দিন।
নিহতরা হলেন মৈকুলী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে অটোরিকশাচালক রিফাত হোসেন (২০) এবং একই এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, যাত্রী নিয়ে অটোরিকশাটি রূপসীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রিফাত ও যাত্রী শাহনাজের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত শাওন (২৫) নামের অপর এক যাত্রীকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালককে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
