গাইবান্ধা প্রতিনিধি: চার বছরের প্রেমের সম্পর্ক। সব বাধা পেরিয়ে দুই দিন আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। কিন্তু পরিবারের অসম্মতিতে সুখের সংসার শুরুর আগেই নেমে এলো বিষাদের ছায়া। গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় প্রেমিকা তানিশা বেগমের মৃত্যু হয়েছে। আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রেমিক আলামিন।
১২ অক্টোবর সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খুরশিদ জাহান মনিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকার আজাদুল ইসলামের ছেলে আলামিনের সঙ্গে বাংলাবাজার এলাকার তানিশা বেগমের ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আলামিন জানতে পারেন, তানিশা আগে থেকেই বিবাহিত এবং তার পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। এরপরও তাদের চার বছরের প্রেমের সম্পর্ক টিকে থাকে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুই দিন আগে তারা বিয়ে করেন। তবে তাদের বিয়ে মেনে নেয়নি দুই পরিবার। এরপর দুজন গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে জানা গেছে। হাসপাতালে নেওয়ার পথে তানিশার মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আলামিন। হাসপাতালে তাদের কোনো আত্মীয়স্বজনকে পাওয়া যায়নি।
চার বছরের ভালোবাসা আর নতুন জীবনের স্বপ্ন সবকিছু যেন মুহূর্তেই শেষ হয়ে গেল। একজনের মৃত্যু, অন্যজনের জীবন সংকটাপন্ন। আর পেছনে রয়ে গেল এক শিশুর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।
