জরুরি সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সারাদিন কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হয়নি। বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত পিএইচপি (PHP) প্রোগ্রামিং ভাষার একটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি প্রকাশ পাওয়ার পর সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতেই মূলত এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ‘জরুরি নিরাপত্তা সমস্যার কারণেই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে সতর্কতার অংশ হিসেবে আমরা এই পদক্ষেপ নিয়েছি।’
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, ওয়েবসাইটের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় পর্যালোচনার কাজ চলছে। সমস্ত নিরাপত্তা বলয় জোরদার ও ত্রুটি সংশোধন সম্পন্ন হওয়ার পরেই এটি আবার চালুর ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি স্পর্শকাতর নিরাপত্তা ত্রুটির কারণে বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এসব দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা দূর থেকেই সার্ভারে ঢুকে স্পর্শকাতর ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ ফাইল হাতিয়ে নিতে বা ক্ষতিসাধন করতে পারে।
এ কারণে বাংলাদেশ ব্যাংকসহ দেশের পিএইচপি-ভিত্তিক বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে ইতোমধ্যে কোনো হামলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ত্রুটি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে সার্ভারের সিকিউরিটি আপডেট দেওয়া, স্ট্রং ফায়ারওয়াল ব্যবহার করা এবং প্রয়োজনবোধে সার্ভারকে সাময়িক অফলাইনে রাখাই বুদ্ধিমানের কাজ।
ওয়েবসাইট বন্ধ থাকার কারণে বাংলাদেশ ব্যাংকের অনলাইন তথ্য ও হালনাগাদ সেবা পেতে সাময়িক ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। তবে কারিগরি দল কাজ চালিয়ে গেলেও সাইটটি ঠিক কখন পুনরায় সচল হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সূচি এখনও জানানো হয়নি।
