নিজস্ব প্রতিবেদক · ১৫ অক্টোবর, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে সিলেট নগরের ৫২টি ওয়ার্ডকে সাতটি ভাগে ভাগ করে তদারকি কমিটি গঠন করেছে মহানগর বিএনপি। পূজামণ্ডপের নিরাপত্তা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ রাখা এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবেন এসব কমিটির সদস্যরা।
বুধবার (১৪ অক্টোবর) সিলেট মহানগর বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হয়।
কমিটিগুলোর দায়িত্বের মধ্যে রয়েছে নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা। পাশাপাশি পূজার পরিবেশ বিঘ্নিত হতে পারে, এমন কোনো ঘটনা নজরে এলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহযোগিতা করবেন তাঁরা।
সিলেট মহানগর বিএনপির নেতা নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। দুর্গাপূজা যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য বিএনপির নেতাকর্মীদের সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তারা আরও বলেন, পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন পরিষদের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে। কোথাও গুজব ছড়ানো, উসকানি দেওয়া কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
এ ছাড়া নগরের প্রতিটি ওয়ার্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির নেতারা। পূজামণ্ডপে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনে পাশে থাকার ওপরও গুরুত্ব দেন তারা।
গুগলে আমাদের খবর পেতে
