রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরতে গিয়ে স্ট্যান্ড রিলিজ হয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার।
রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরতে গিয়ে স্ট্যান্ড রিলিজ হয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার। মঙ্গলবার প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে এই ঘটনা ঘটে।
গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিক বদলি করে জন প্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক বিমানে রওনা হওয়ার আগে তিনি রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান। রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভেঙে ঝুঁকে এগিয়ে আসার চেষ্টা করেন। এসময় ইউসুফ আলীকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন প্রধানমন্ত্রী। এই ঘটনার জেরে ইউসুফ আলীকে তাৎক্ষণিক বদলি করা হয়।
তবে প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অদ্যই কার্যকর হবে।’ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক সূত্র জানায়, রাত ১১টার মধ্যে তাকে দায়িত্ব ছাড়ার নির্দেশ দেয়া হয়েছিল। প্রজ্ঞাপন পাওয়ার পর ইউসুফ আলী তার দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে রাজশাহী ত্যাগ করেন তিনি।
