রংপুরের কাউনিয়ায় মাইক্রোবাস ও ১৮ চাকার লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উপজেলার মীরবাগ ড্রাইভারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক মজনু মিয়াসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের বিভিন্ন পূজামণ্ডপ দেখতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গাজীরহাট এলাকা থেকে শিশু ও যুবকসহ প্রায় ১৪ জন একটি মাইক্রোবাসে করে রওনা হন। পথে মীরবাগ ড্রাইভারপাড়া এলাকায় পৌঁছালে রংপুরগামী একটি ১৮ চাকার লরির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রীরা আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত ব্যক্তিরা সবাই উপজেলার বালাপাড়া ইউনিয়নের গাজীরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শামছুল হক সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে উদ্ধারকারী যন্ত্রপাতির সাহায্যে মাইক্রোবাসের চালকসহ চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণ এবং আহত ব্যক্তিদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
