সংবাদ বিজ্ঞপ্তি · ১৭ অক্টোবর, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরের উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ ও মালিনীছড়া চা-বাগান পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে দুটি মণ্ডপে ১০০টি করে বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা। তিনি বলেন, পূজার আনন্দ কোনো নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সবার। বিশেষ করে চা-বাগান এলাকার সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের মুখে হাসি ফোটানো তাদের অন্যতম দায়িত্ব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সবসময় অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের এই আবহে কেউ যেন নতুন কাপড়ের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদেরও যার যার অবস্থান থেকে এভাবে মানুষের পাশে দাঁড়ানো উচিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপীকা শ্যাম পুরকায়স্থ এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য।
সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর শাখার সহসভাপতি বিশ্বজিৎ গুণ ও প্রদীপ কুমার দেব, যুগ্ম সম্পাদক জিডি রুমু ও নন্দন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, বাগান ভ্যালি নেতা রাজু গোয়ালা, কোতোয়ালি থানা শাখার সভাপতি অরবিন্দ দাশগুপ্ত বিভু, বিমানবন্দর থানা শাখার আহ্বায়ক পীযূষ কান্তি তালুকদার, জয় মহাত্ম্য কুর্মী, যুগ্ম আহ্বায়ক হৃদেশ মোদি, মহানগর শাখার সদস্য সুবল দেবনাথ ও সঞ্জয় দাস প্রমুখ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার কেওয়াছড়া চা-বাগানে ১০০টি এবং দলদলি চা-বাগানে আরও ১০০টিসহ মোট ২০০টি নতুন বস্ত্র বিতরণ করা হবে।
গুগলে আমাদের খবর পেতে
