পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে এহছানকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়। এ সময় সুমন মুন্সি ও তার সহযোগীরা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পোশাক পরা ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
চট্টগ্রামে অপহরণের শিকার এক ব্যবসায়ীকে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র্যাব সদস্য সুমন মুন্সিসহ (৩২) ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প, লেদা ক্যাম্প-২৫ থেকে ব্যবসায়ীকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম মোহাম্মদ এহছান (৩৬)। গ্রেফতার অন্য পাঁচজন হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) ও দেলোয়ার হোসেন (৪০)।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে এহছানকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়। এ সময় সুমন মুন্সি ও তার সহযোগীরা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পোশাক পরা ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে বিভিন্ন ফোন নম্বর থেকে এহছানের স্ত্রী ও তার দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে এহছানকে হত্যার হুমকিও দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় ১৯ অক্টোবর বাঁশখালী থানায় মামলা করা হয়। মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং ছয়জনকে গ্রেফতার করে।
