কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের পর্যটন কেন্দ্র ইনানী এলাকায় অবস্থিত ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনানীতে অবস্থিত রিসোর্টটিতে দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রয়েছেন-রাজধানী ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।
এ ঘটনায় আহত ছয়জন হলেন-মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।
অগ্নিকাণ্ডে স্ত্রীসহ বেঁচে ফেরা এক যুবক দিয়েছেন ঘটনার বর্ণনা। তিনি বলেন, আমরা দোতলায় ছিলাম। সেখান থেকে নালাতে লাফ দিয়ে বেঁচে ফিরেছি। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে আছি।
এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা থেকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরবর্তীতে সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর শনাক্তকরণ ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
