নিজস্ব প্রতিবেদক · ২১ অক্টোবর, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন
সিলেটে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। তবে সারা দেশে একই সময়ে ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৩২০ জন, বরিশালে ২২৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১১ জন, চট্টগ্রামে ১৯৭ জন, খুলনায় ১৫৫ জন, রাজশাহীতে ১১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৭১ জন, ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ২৮ জন এবং সিলেটে ১০ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন।
গুগলে আমাদের খবর পেতে
