বাংলাদেশের সফটওয়্যার মাননিয়ন্ত্রণ ও টেস্টিং পেশাজীবীদের অন্যতম শীর্ষ জাতীয় প্ল্যাটফর্ম ‘এসকিউএটি বাংলাদেশ’ (SQAT Bangladesh)-এর চতুর্থ সিম্পোজিয়াম আগামী ৫ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। “কোয়ালিটি ইন দ্য এজ অব এআই” (Quality in the Age of AI) শীর্ষক থিম নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘৪র্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’।
বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি)-এর উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সিম্পোজিয়ামে একাডেমিক পার্টনার হিসেবে থাকছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এক্সাম ও ডব্লিউবিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে জার্মানির ‘আইএসকিউআই’ (iSQI)।
এবারের আয়োজনের মূল আকর্ষণ হিসেবে অংশগ্রহণ করছেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ডের (ISTQB) বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লাউডিয়া দুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ার দেনু। পাশাপাশি দেশি-বিদেশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, আইটি লিডার, শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্য ও প্রযুক্তি প্রধানগণ (CIOs/CTOs), নীতি নির্ধারক এবং একাডেমিক গবেষকরা এতে অংশ নেবেন।
দিনব্যাপী এ আয়োজনে গ্লোবাল এক্সপার্ট মাস্টারক্লাস, কি নোট সেশন, প্লেনারি সেশনের পাশাপাশি এআই টেস্টিং, টেস্ট অটোমেশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, পেশাদার নেটওয়ার্কিং এবং আইএসটিকিউবি সার্টিফিকেশন সম্পর্কিত বিস্তারিত আলোচনা থাকবে। অংশগ্রহণকারীদের জন্য থাকছে আইএসটিকিউবি গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লাউডিয়া দুসা-জিগারের সরাসরি স্বাক্ষরিত সনদপত্র।
আয়োজনের লক্ষ্য সম্পর্কে বিএসটিবি প্রেসিডেন্ট ড. এম. নুরুজ্জামান বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সফটওয়্যারের গুণগত মান রক্ষা করা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক মানের দক্ষতা, সার্টিফিকেশন, কর্মসংস্থান এবং বিশ্ববাজারের সুযোগগুলোকে একটি সমন্বিত ইকোসিস্টেমের আওতায় নিয়ে আসা।”
আয়োজক সংস্থা বিএসটিবি জানিয়েছে, আগামী ২০৩০ সালের মধ্যে দেশে ১০,০০০ আন্তর্জাতিক সার্টিফাইড টেস্ট প্রকৌশলী তৈরি এবং দেশের তরুণদের আন্তর্জাতিক প্রজেক্ট ও আইটি সার্ভিস রফতানি প্রবৃদ্ধির সাথে যুক্ত করতে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আগামী ৫ ডিসেম্বরের এই সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য বিএসটিবির অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু রয়েছে।
