রাহাত আলী, মণিরামপুর : গোপনে প্রথম বিয়ে করার তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জেরে যশোরর মণিরামপুরে সেলিম জাহাঙ্গীর (২৫) নামের এক তরুণ চা বিক্রেতা বিষপানের পর ঝাঁপা বাঁওড়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। গত রোববার বিকেলে উপজেলার রাজগঞ্জ বাজারসংলগ্ন ঝাঁপা বাঁওড় এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সেলিম জাহাঙ্গীর উপজেলার খোঁলিয়া গ্রামের আসমত আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে এক তরুণীকে বিয়ে করেন সেলিম। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে গত এক বছর ধরে তাঁরা আলাদা থাকলেও তাঁদের আইনগত বিচ্ছেদ হয়নি। কিন্তু প্রথম বিয়ের এই তথ্য সম্পূর্ণ গোপন করে সম্প্রতি শার্শার নাভারন এলাকায় আরেকটি বিয়ে করেন সেলিম। ঘটনার দিন দুই আগে এক বন্ধুকে নিয়ে নাভারনে শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে দ্বিতীয় স্ত্রীর পরিবার প্রথম বিয়ের কথা জেনে ফেলে। এ নিয়ে তাঁকে আটক করে লাঞ্ছিত করা হয়। পরে খবর পেয়ে সেলিমের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করে তাঁকে নিয়ে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে রাজগঞ্জ বাজারে নেমে স্থানীয় এক দোকান থেকে বিষ কিনে ঝাঁপা বাঁওড়ের ভাসমান সেতুর দিকে যান সেলিম। সেখানে সবার অগোচরে বিষপান করে তিনি বাঁওড়ের পানিতে ঝাঁপ দেন। প্রত্যক্ষদর্শীরা ভেবেছিলেন তিনি হয়তো গোসল করতে নেমেছেন, তাই কেউ বাধা দেননি। এর প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যায় বাঁওড়ের বিপরীত পাড়ের একটি পার্ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাভারনে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সঙ্গে বিচ্ছেদ মীমাংসার পর বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
