কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার সরঞ্জাম জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা; মেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লালনমেলার মাঠে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে শুরু হচ্ছে ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান। এ আয়োজনকে ঘিরে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, সাধু ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
লালনমেলার অনুষ্ঠানকে মাদকমুক্ত, নিরাপদ ও উৎসবমুখর রাখতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের এসব সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও মাদকমুক্ত পরিবেশে সম্পন্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
