

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈষ্যামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনুপ কুমার দাস (৫০) নরসিংদী জেলার সদর উপজেলার সাটাড়িপাড় এলাকার বাসিন্দা ও একই এলাকার আনোয়ারুল আজিম (৫০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, সকালে নরসিংদী থেকে দুজন মোটরসাইকেলযোগে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈষ্যামোড়া এলাকায় পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমার দাস মারা যায়। পরে স্হানিয়রা অপর মোটরসাইকেল আরোহী আনোয়ারুল আজিমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ঘটনার পর ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রেণিকক্ষে শিক্ষক হয়ে ইউএনও, সেরা ৫ শিক্ষার্থীকে উপহার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রশাসনিক দায়িত্বের গণ্ডি পেরিয়ে হাতে মার্কার পেন নিয়ে শ্রেণিকক্ষে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। শিক্ষার্থীদের সামনে তুলে ধরলেন বিজ্ঞানের নানা বিষয়, করলেন একের পর এক প্রশ্ন। শিক্ষার্থীদের উত্তর শুনে ভুলগুলো শুধরে দিলেন, সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন জটিল বিষয়ও। শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেননি, দিয়েছেন ভালো ফলাফল অর্জন, শৃঙ্খলাপূর্ণ জীবন গঠন ও ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ। পাঠদানে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা পাঁচ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ উপহার দিয়ে উৎসাহিতও করেছেন তিনি। এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। তার এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে যেমন আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে, তেমনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে প্রশাসনের এমন সরাসরি অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই পাঁচ শিক্ষার্থীকে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে বিশেষ শিক্ষা উপকরণ তুলে দেন ইউএনও রূপম দাস। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে প্রায় ৪০ মিনিট পাঠদান করেন তিনি। পাঠদানের সময় একটানা বক্তৃতা না দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের ওপর গুরুত্ব দেন ইউএনও। বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো সহজ ভাষা, বাস্তব জীবনের উদাহরণ ও বিভিন্ন উপমার সাহায্যে বুঝিয়ে বলেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্ন করেন, তাদের উত্তর শোনেন এবং কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে তা আবারও ব্যাখ্যা করেন। এতে শ্রেণিকক্ষে তৈরি হয় প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক পরিবেশ। শিক্ষার্থীরা যেন শুধু বইয়ের বিষয় মুখস্থ না করে, বরং বুঝে শিখতে পারে—সেদিকেও গুরুত্ব দেন তিনি। পাঠদানের একপর্যায়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া, নিয়মিত অনুশীলন করা, সময়ের সঠিক ব্যবহার এবং জীবনের লক্ষ্য নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিজ্ঞানের বিষয়গুলো বুঝে শেখার পাশাপাশি যুক্তি দিয়ে চিন্তা করা ও নতুন কিছু জানার আগ্রহ ধরে রাখারও পরামর্শ দেন। পাঠদানের সময় শিক্ষার্থীদের মনোযোগ, প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা এবং শ্রেণিকক্ষে অংশগ্রহণ পর্যবেক্ষণ করে পাঁচজনকে সেরা হিসেবে বাছাই করেন ইউএনও রূপম দাস। তাদের পুরস্কৃত করার প্রতিশ্রুতিও দেন তিনি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে তাঁদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।a

পঞ্চগড় সীমান্তে বিজিবির হাতে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মাদককারবারী আটক
পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপসহ মো. কাদেরুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে পঞ্চগড় সদর উপজেলার পাটসিঁড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে ১৮ বিজিবির মিস্ত্রিপাড়া বিওপির বিশেষ টহল দল কাদেরুল ইসলামকে আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় মিস্ত্রিপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। হাবিলদার চালক মো. সোহেল রানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ৪১৭/৬-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটসিঁড়ি এলাকায় কাদেরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় ‘উইনসেরেক্স কফ সিরাপ’ (WINCEREX COUGH SYRUP) ১০০ মিলিলিটারের ৮০ বোতল উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার টাকা। আটক কাদেরুল ইসলাম পঞ্চগড় জেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৪(গ) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে তাঁকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কটিয়াদীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৭০০ টাকাসহ পাপিয়া আক্তার আলো (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পাপিয়া আক্তার আলো মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামের মাদক ব্যবসায়ী লিটন মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী থানার পুলিশ মধ্যরাতে লিটনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের আলমারি থেকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। লিটন মিয়া ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯২০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাপিয়া আক্তার আলো নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাটিরাঙ্গায় সরকারি রেশনের ১৬ বস্তা চাল ও গম জব্দ, দোকান মালিককে জরিমানা
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের সরকারি রেশনের ১৬ বস্তা চাল ও গম জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার ১৩ অক্টোবর রাত ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়ন এর ডাকবাংলা বাজারের ব্যবসায়ী হুমায়ুন স্টোরের স্বত্বাধিকারী নুর হাসান এর দোকানে সরকারি সিলযুক্ত খাদ্য সামগ্রী মজুদ রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে দোকানে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০কেজি ওজনের চাল ১০ বস্তা ও ৫০ কেজি ওজনের গম ৬ বস্তা সহ মোট ১৬ বস্তা জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু। এ ঘটনায় দোকান মালিক নুর হাসান'কে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও কার্যক্রম প্রতিরোধ আইন, ২০২৪-এর ৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন-২০২৩ ০৬ ধারায় সরকারি সিলযুক্ত বস্তাসহ ১৬ বস্তা গম ও চাল জব্দ ও নুর হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার মনিটরিং ও সরকারি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মান্দায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২; হত্যা মামলায় নারী গ্রেপ্তার
নওগাঁর মান্দায় ছয় শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ভাই আহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ১২ নম্বর কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। আহতরা হলেন তাঁর স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০)। তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তুলশীরামপুর গ্রামে ছয় শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় শহিদুল ইসলামের একটি বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের খড়ের পালা থেকে খড় খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষের উপর্যুপরি আঘাতে শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলামও হামলার শিকার হন। পরে স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে অভিযুক্ত ইব্রাহীম হোসেন ও মোয়াজ্জেম হোসেনসহ অন্যরা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে মঙ্গলবার রাতেই নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে মান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ইব্রাহীম হোসেনের স্ত্রী ইরজান ওরফে ফরিদা বিবিকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’


