
দক্ষিণ আমেরিকায় নিজেদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করেছে এমিরেটসের কার্গো পরিবহন বিভাগ এমিরেটস স্কাইকার্গো। ২০২৬ সালের মার্চ থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া ও ইকুয়েডর থেকে রপ্তানি পণ্যের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সপ্তাহে অতিরিক্ত সাতটি কার্গো ফ্লাইট চালু করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বুয়েনস আইরেসে সপ্তাহে তিনটি, বোগোটায় একটি, সাও পাওলোতে দুটি এবং কুইটোতে একটি ফ্লাইট। এর ফলে গত বছরের একই সময়ের তুলনায় আর্জেন্টিনা থেকে ৫৭ শতাংশ, ব্রাজিল থেকে ২২ শতাংশ, কলম্বিয়া থেকে ১৮ শতাংশ এবং ইকুয়েডর থেকে ১৪ শতাংশ বেশি পণ্য পরিবহন করেছে এমিরেটস স্কাইকার্গো।
পচনশীল তাজা পণ্য এখনো এ পরিবহনের অন্যতম প্রধান চালিকাশক্তি। ২০২৪ সালের এপ্রিল থেকে দক্ষিণ আমেরিকার এই চারটি দেশ থেকে প্রায় ৮০ হাজার টন পচনশীল পণ্য পরিবহন করেছে এমিরেটস স্কাইকার্গো। এর মধ্যে রয়েছে ৬৬ হাজার টন ফুল।
একই সময়ে ইকুয়েডর থেকে প্রায় ৬০ হাজার টন রপ্তানি পণ্য পরিবহন করেছে সংস্থাটি। দেশটি থেকে পরিবহন করা রপ্তানি কার্গোর ৯০ শতাংশেরও বেশি ছিল ফুল। অন্যদিকে, কলম্বিয়া থেকে প্রায় ১৪ হাজার টন রপ্তানি পণ্য পরিবহন করেছে এমিরেটস স্কাইকার্গো। এর মাধ্যমে দেশটির ফুল ও তাজা কৃষিপণ্য রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাজারে পণ্য পাঠাতে সহায়তা করেছে সংস্থাটি।
আর্জেন্টিনা থেকে এ সময়ে প্রায় পাঁচ হাজার টন রপ্তানি পণ্য পরিবহন করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে তাজা ফল, স্যামন মাছ ও মাংসজাত পণ্য।
এদিকে, ব্রাজিল থেকে পণ্য পরিবহনের পরিমাণ প্রায় ২০ হাজার টনে পৌঁছেছে। বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের মাধ্যমে দেশটির রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ আরও জোরদার করছে এমিরেটস স্কাইকার্গো।
অর্থসূচক/
The post দক্ষিণ আমেরিকায় এমিরেটস স্কাইকার্গোর কার্গো পরিবহন সেবা সম্প্রসারণ appeared first on অর্থসূচক.
