অক্টোবর ২৫, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে এনায়েত শেখ (৬০) নামে এক বাস মালিক নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায়।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস জানান, খুলনা থেকে ছেড়ে আসা এনায়েত শেখের মালিকানাধীন জিএমএস পরিবহনের বাসটি মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছে ব্রেক করলে পেছন থেকে নড়াইল এক্সপ্রেসের একটি বাস ধাক্কা দেয়। এ সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা এনায়েত শেখ ছিটকে সড়কে উপর পড়ে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/উউরা
