পকেটে আঠারো হাজারের টিকিট নিয়ে আর হতাশ হবে না দিলজিৎ ভক্তদের। টিকিটের টাকা ফেরৎ পাওয়া যাবে কিনা, পরবর্তীতে আবার কবে দিলজিতের কনসার্ট হবে-এসব নিয়ে আর দুশ্চিন্তার কোনও প্রয়োজন নেই। কারণ দিল্লিতে আগামী ৩০ অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দিলজিতের ‘অরা ইন্ডিয়া টুর’।
২২ অক্টোবর, বৃহস্পতিবার শোনা গিয়েছিল নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দিল্লি পুলিশ এই অনুষ্ঠানের অনুমতি দেয়নি। দিল্লি পুলিশের সাউথ ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনারের দপ্তর থেকে টিকিট বুকিং সংস্থা ‘বুকমাইশো’কে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে। পাঞ্জাবি পপস্টারের শো নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই উলটপুরাণ।
আনুষ্ঠানিকভাবে জানানো হল, নির্দিষ্ট দিনেই দিল্লিবাসীর সামনে সংগীত পরিবেশন করবেন দিলজিৎ। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে একাধিক বৈঠকের পর আয়োজকরা বিস্তারিত পরিকল্পনা জমা দিয়েছেন। এরপরই কনসার্টের অনুমতি দেওয়া হয়েছে। টিকিট বুকিং সংস্থা ‘বুকমাইশো’-এর তরফেও জানানো হয়েছে দিল্লিতে ৩০ অক্টোবর দিলজিতের ‘অরা ইন্ডিয়া টুর’-এর কনসার্ট বাতিল করা হয়নি।
উৎসবের মরশুমের কথা মাথায় রেখে দিল্লি পুলিশ অতিরিক্ত নিরাপত্তা, যান চলাচল এবং ভিড় নিয়ন্ত্রণে যথোপযুক্ত পরিকাঠামোগত ব্যবস্থা চেয়েছিল। সেই কারণে অনুষ্ঠানটির অনুমতি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। ‘বুকমাইশো’ বিবৃতিতে জনিয়েছে, দিল্লি পুলিশের সঙ্গে একটি গঠনমূলক বৈঠকের পর প্রয়োজনীয় ব্যবস্থা সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা জমা দেওয়া হয়েছে।
নিরাপত্তা, যান চলাচল এবং ভিড় নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে চলার আশ্বাসও দিয়েছেন আয়োজকরা। আলোচনার পর প্রয়োজনীয় পরিকল্পনা খতিয়ে দেখে কনসার্টের অনুমতি দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠান হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কনসার্টে আগত দর্শকদের জন্য নিরাপদ, সুষ্ঠু ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করতে দিল্লি পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ‘বুকমাইশো’।
পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অসুবিধার দিকে বিশেষভাবে নজরদারি করা হয়। অনুরাগীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সংস্থার তরফে বলা হয়েছে, ‘৩০ অক্টোবর দিল্লিতে দিলজিৎ দোসাঞ্ঝের সঙ্গে এক স্মরণীয় সন্ধ্যা উপভোগ করার জন্য তৈরি থাকুন।’
