কালবেলা · দেশ
পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ ঢাকার পুলিশ সুপারের
১১/১০/২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আয়োজিত এ সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান পুলিশ সুপার।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানো, মাদক এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন শামীমা পারভীন। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
শামীমা পারভীন বলেন, ‘পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
মূল প্রতিবেদনে যান ↗