Published on
:
1 min read
বীরভূমের দুবরাজপুর এলাকায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। চোর সন্দেহে ওই যুবককে গণপিটুনি দেওয়া হয়। পরে আটক করা হয়েছিল ওই যুবককে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম বরজাহান শাহ (৩৫)। পরিবারের অভিযোগ, পুলিশের মারধরের কারণে যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসছে মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
এ দিন ঘটনাটি ঘটে বীরভূমের দুবরাজপুর থানার যশপুর পঞ্চায়েতের পছিয়াড়া গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে যশপুর গ্রামে গিয়েছিলেন বরজাহান। সেই সময়ে চোর সন্দেহে তাঁকে আটক করে দুবরাজপুর থানায় নিয়ে আসে পুলিশ। এরপরই ঘটে যায় মর্মান্তিক পরিণতি।
যদিও স্থানীয় সূত্রে খবর, এলাকায় ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বরজাহান। আর তারপরেই গণপিটুনির শিকার হয় সে। এরপরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, আটক করে নিয়ে আসার পরে আহত ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। দুবরাজপুর হাসপাতালে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যায় পরিজনেরা। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান, ওই ব্যক্তি যশপুর গ্রামে একটি বাড়িতে ঢুকেছিল। কী কারণে ঢুকেছিল তা তদন্তের বিষয়। তবে ওঁকে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ উদ্ধার করে। ওই যুবকের বিরুদ্ধে নেশা করা ও ছোটোখাটো কিছু অপরাধ করার অভিযোগ আগেও ছিল। বাকি যা অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
