কালবেলা · সাধারণ
ভয়াবহ আগুনের পর টঙ্গীর সেই ওষুধ কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণা
১৫/১০/২০২৬

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কারখানার ফ্যাক্টরি ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদের স্বাক্ষরিত নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে কারখানার কার্যক্রম কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে নোটিশে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি।
এর আগে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ওষুধ কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সব মিলিয়ে ২১টি ইউনিটের প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ চালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নেভে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাসহ তিন সদস্য আহত হন। আহত ওয়্যারহাউস ইন্সপেক্টর নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়। অপর আহত ফায়ার ফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন এবং তারা চিকিৎসা নিয়েছেন।
কারখানার জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটিতে প্রায় ২০০ শ্রমিক কাজ করেন। আগুন লাগার সময় কারখানার চতুর্থ তলা থেকে ধোঁয়া বের হতে দেখে শ্রমিকরা চিৎকার শুরু করেন। পরে জরুরি অ্যালার্ম বাজানো হলে শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসেন।
কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মূল প্রতিবেদনে যান ↗