প্রকাশিত: ১৮:১৬, ১৪ অক্টোবর ২০২৬
বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়
মোংলা-বেনাপোল রেলপথ উদ্বোধনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও বাগেরহাটের রামপালের ভাগা রেলস্টেশন চালু হয়নি। এতে রামপালসহ আশপাশের তিন থেকে চারটি উপজেলার মানুষ যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন ও স্মারকলিপি দিয়েও সমাধান না পাওয়ায় এবার মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত স্টেশনটি চালুর দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বড় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রামপালের ভাগা রেলস্টেশন এলাকায় স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে ভাগা রেলস্টেশন চালু করা জরুরি। স্টেশনটি চালু হলে সাধারণ মানুষ কম খরচে ও কম সময়ে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ কবির ও মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজাহারুল ইসলাম ইয়ামিন প্রমুখ।
মানববন্ধন তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভাগা রেলস্টেশন চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
