ছবির ক্যাপশন: .
অনলাইন ডেস্ক:
লেবানন ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বৃদ্ধি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টমি পিগোট বলেন, “ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের মধ্যে দু’দিনের সংলাপ আজ শেষ হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ১৬ এপ্রিল যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, তার মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে।”
গত ২৮ মার্চ ইরানে মার্কিন বিমান অভিযান শুরুর পর ২ মার্চ লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। টানা প্রায় দেড় মাসের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও লেবানন।
আগামী রোববার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই নতুন করে আরও ৪৫ দিনের জন্য এই সমঝোতা বাড়ানো হলো।
টমি পিগোট আরও জানান, ইসরাইল ও লেবাননের উচ্চপর্যায়ের এই আলোচনায় যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও অংশ নিয়েছেন। আগামী ২৯ এপ্রিলের মধ্যে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের কর্মকর্তারা দুই দেশের মধ্যে নতুন একটি ‘নিরাপত্তা লাইন’-এর প্রস্তাব দেবেন।
এই প্রস্তাবের ভিত্তিতে আগামী ২ থেকে ৩ জুন আবারও বৈঠকে বসবেন ইসরাইল ও লেবাননের প্রতিনিধিরা। সেই সংলাপও ওয়াশিংটনেই অনুষ্ঠিত হবে।
টমি পিগোট বলেন, “আমরা আশা করছি, এই সংলাপ দুই দেশের মধ্যে স্থায়ী শান্তির ভিত্তি আরও শক্তিশালী করবে। একই সঙ্গে পারস্পরিক সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্বীকৃতি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
