বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যসিং মারমাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগে তাকে এই অব্যাহতি একইসঙ্গে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।
এনসিপির বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মং সা প্রু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা নোটিশে বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে শৈক্যসিং মারমাকে জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
নোটিশে আরো বলা হয়, কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে জমা দিতে হবে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত শুক্রবার (১৬ অক্টোবর) বান্দরবান জেলা শহরের শিশু পার্কসংলগ্ন সাইনি রিসোর্টে এক মারমা তরুণীকে টাকা ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে শৈক্যসিং মারমার বিরুদ্ধে মামলা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে শনিবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
