বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দিনেও ক্লাস নিয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষক। এতে বিশ্ববিদ্যালয় দিবসের র্যালিতে অংশ নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এদিকে একই অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যায়নি। সোমবার বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাত্র পাঁচ শিক্ষার্থীকে দেখা গেছে। বিভাগটির কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীকে র্যালিতে অংশ নিতে দেখা যায়নি। জানা গেছে, র্যালি চলাকালে সহযোগী অধ্যাপক ড. সজিব মিয়া ক্লাস নেওয়ায় শিক্ষার্থীরা র্যালিতে অংশ নিতে পারেননি বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় দিবসে ক্লাস বন্ধ থাকার কথা। র্যালিতে অংশগ্রহণসহ দিবসটি উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।’ এ বিষয়ে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের কোর্স শিক্ষক ড. সজিব মিয়া বলেন, এ দিবসটিতে ছুটি, ক্লাস-পরীক্ষা নেওয়া যাবে না, বিষয়টি জানা ছিল না।’ বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর আলম সিদ্দিক বলেন, এটি অফিশিয়াল কোনো ক্লাস নয়। আর ক্লাস তো নেওয়ার কথা না। বিভাগে যোগাযোগ করে বিষয়টি দেখব। অন্যদিকে বিভাগীয় প্রধান ড. আপেল মাহমুদ বলেন, র্যালিতে ছিলাম। কোনো শিক্ষার্থী ছিল না। এ কারণে শেষ পর্যন্ত র্যালিতে থাকতে পারিনি।’ উদযাপন কমিটির আহ্বায়ক ও রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, ছুটির দিনে ক্লাস নেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। এ ব্যাপারে বিভাগের সঙ্গে যোগাযোগ করব।
