এতে দিন শেষে বিনিয়োগকারীদের ভোগান্তির সঙ্গে ডিএসইর সার্বিক লেনদেনও কমে যায়।
Published : 18 Oct 2026, 01:24 AM
Updated : 18 Oct 2026, 01:24 AM
বিকল্প ব্যবস্থায় পুঁজিবাজারের লেনদেন সচল রাখতে কারওয়ান বাজারে নতুন ডেটা সেন্টার ব্যবহারের প্রথম দিনেই লেনদেনে বিভ্রাটে পড়েছে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজ।
শনিবার দিনের কিছু সময় ডিএসইর ‘ট্রেডিং সফটওয়্যারের’ সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ না পাওয়ায় কয়েকটি ব্রোকারেজ প্রতিষ্ঠান স্বাভাবিক সময়ের মত লেনেদেন করতে পারেনি।
পরে ডিএসইর পক্ষ থেকে কারিগরি এ ত্রুটির সমাধান হলে শেয়ার লেনদেনে ফেরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এতে দিন শেষে বিনিয়োগকারীদের ভোগান্তির সঙ্গে ডিএসইর সার্বিক লেনদেনও কমে যায়।
এদিন ডিএসইতে লেনদেন হয় ৩১৭ কোটি ৩৭ লাখ টাকা, যা গত সাড়ে ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সবশেষ গত ২৯ ডিসেম্বর লেনদেন হয় ৩০৯ কোটি ৯৬ লাখ টাকার। এরপর এর চেয়ে কম লেনদেন হয়নি এ বাজারে।
এদিন লেনদেন কমার সঙ্গে আগের দিনের চেয়ে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৮৭ পয়েন্ট কমে হয় ৫ হাজার ৪৩৩ দশমিক ১৭ পয়েন্ট।
এবারে পূজা উপলক্ষে সরকারি ছুটি সমন্বয় করায় সাপ্তাহিক বন্ধের দিন শনিবার খোলা ছিল সব দপ্তর, ব্যাংক ও পুঁজিবাজার।
লেনদেন বিঘ্নিত হওয়ার বিষয়ে একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী নাম প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘বেলা ১১টার পর থেকে কিছু সমস্যা দেখা দেয়। কোনো অর্ডার (লেনদেন আদেশ) নেয়নি ওএমএস সফটওয়্যার। সেটা মাঝে মধ্যেই দেখা দেয়। বেলা ১২টার পরে সমাধান হয়।’’
এই এক ঘণ্টার মধ্যে প্রায় আধা ঘণ্টাই লেনদেন করতে পারেনি অনেক ব্রোকারেজ প্রতিষ্ঠান বলে জানিয়েছেন তিনি।
ডিএসইর জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘কারওয়ান বাজার ডেটা সেন্টার দিয়ে আজ (শনিবার) লেনদেন চালানো হয়। এতে কিছু নেটওয়ার্ক সমস্যা দেখা দিয়েছিল, এটি সাথেই সাথেই আমাদের আইটি বিভাগ ঠিক করে ফেলে।’’
ডিএসইর লেনদেন সচল রাখতে দুটি ডেটা সেন্টার রয়েছে। এর একটি মতিঝিল থেকে সরিয়ে নিকুঞ্জের প্রধান কার্যালয়ে নেওয়া হয়। পরে আপৎকালীন সময়ের (ব্যাকআপ) জন্য ‘ডিজাস্টার রিকভারি (ডিআর)’ ডেটা সেন্টার গড়ে তোলা হয়, যা রাজধানীর কারওয়ান বাজারে স্থাপন করা হয়েছে। এটি নিকুঞ্জের ডিএসই টাওয়ার থেকে ১৩ কিলোমিটারের মত দূরত্বে অবস্থিত।
শনিবার কারওয়ান বাজার ডিআর ডেটা সেন্টার ব্যবহার করে প্রথম লেনদেন শুরু করে ডিএসই। আগামী দুই মাস এই সেন্টার ব্যবহার করেই লেনদেন চালানোর প্রস্তুতি নিয়েছে এক্সচেঞ্জটি।
