পশ্চিম জাপানের ওকাইয়ামা সফর করেছেন ভারতের কর্ণাটক রাজ্যের একজন মন্ত্রী
দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটকের কর্মকর্তারা জাপানের ওকাইয়ামা জেলা সফর করেছেন। উল্লেখ্য, এই শরৎকালে রাজ্যটির চৌদ্দজন বিশ্ববিদ্যালয় স্নাতক ওই জেলায় কাজ শুরু করবেন।
কর্ণাটকের দক্ষতা উন্নয়নের দায়িত্বে থাকা মন্ত্রী শরণ প্রকাশ পাতিল এবং নিত্তে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা শুক্রবার জেলা কার্যালয়ে ওকাইয়ামা গভর্নর ইবারাগি রিয়ুতার সাথে সাক্ষাৎ করেছেন৷
এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন বিশ্ববিদ্যালয়টির চৌদ্দজন স্নাতক আগামী শরৎকাল থেকে তিনটি কোম্পানিতে প্রকৌশলী হিসেবে তাদের কাজ শুরু করবেন। বিশ্ববিদ্যালয়টি প্রায় সাত বছর ধরে জাপানি ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে আসছে এবং তাদের প্রায় ৩৫০ জন স্নাতক জাপানি কোম্পানিতে চাকরি পেয়েছেন।
ইবারাগি ভারতীয় কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন যে, জেলাটি মেধাবী বিদেশি প্রতিভাদের স্বাগত জানাতে অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি বলেন, জেলার বাসিন্দারা ভারতীয় জনগণের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা রাখে।
পাতিল বলেন, তিনি গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত এবং জাপানের জন্য মেধাবী আইটি বা তথ্যপ্রযুক্তি প্রকৌশলী তৈরি অব্যাহত রাখার মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করতে চান।