টাঙ্গাইলের সখীপুরে দ্বিতীয় স্ত্রীর (তালাকপ্রাপ্ত) বাড়ির পাশের একটি ধানক্ষেতের কাছ থেকে দুলু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া মগার মার্কেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বড়চওনা রফিকরাজু ক্যাডেট স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে দুলু মিয়া দ্বিতীয় বিয়ে করেন। কিছুদিন আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার আইনগত তালাক সম্পন্ন হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল।
নিহতের প্রথম স্ত্রী আসমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি ওই বাড়িতে যাওয়া-আসা বন্ধ করেননি। ওরাই আমার স্বামীকে পরিকল্পনা করে হত্যা করেছে।
তবে এ বিষয়ে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম দাবি করেন, তালাকের পর থেকে দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ বা সম্পর্ক ছিল না। এই মৃত্যুর ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।
নিহতের ছেলে আজহার মিয়া জানান, মঙ্গলবার রাতে তার বাবা দোকান থেকে চা পান করে বাড়িতে ফেরেন। এরপর তিনি আবারও ঘর থেকে বাইরে বের হন। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি রাস্তার পাশে ও ধানক্ষেতের কাছে বাবার মরদেহ পড়ে থাকতে দেখেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কিনারে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
