Tourist Dies
সান্দাকফুতে বেড়াতে গিয়ে বারাসতের পর্যটকের মৃত্যু
-
- 24 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
×
সান্দাকফুতে ফের এক পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত টুমলিঙে বেড়াতে গিয়ে গত মঙ্গলবার রাতে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের বাসিন্দা পর্যটক বুবাই পাল (৪৮)’র মৃত্যু হয়। শ্বাসকষ্টজনিত সমস্যাতেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে খবর মিলেছে। স্বাভাবিকভাবেই নিরাপত্তা ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
পাহাড়ে বেড়াতে গিয়ে স্বামীকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্ত্রী জয়িতা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে স্নিগ্ধাও কান্নায় ভেঙে পড়েছেন। শোকাহত বুবাইয়ের পরিবারের লোকজনও। বারাসতের পাইওনিয়ার এলাকায় বাড়ি বুবাই পালের। তিনি পেশায় ব্যবসায়ী। স্বামীকে হারিয়ে আর পাহাড়ে যেতে নারাজ শোকস্তব্ধ স্ত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৮ অক্টোবর বুবাই তাঁর স্ত্রী জয়িতা, মেয়ে স্নিগ্ধা এবং তাঁর শালাকে নিয়ে সান্দকফু বেড়াতে গিয়েছিলেন। পাহাড়ের বৈচিত্র্য, বরফে ঢাকা সান্দকফুর অপরূপ সৌন্দর্যের টানে পরিবার নিয়ে গিয়েছিলেন বুবাই। নিউ জলপাইগুড়ি হয়ে প্রথমে তাঁরা পৌঁছান মানেভঞ্জনে। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে সান্দকফু পৌঁছান। বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে সান্দকফু তেই রাত্রিবাস করেন। ২০ অক্টোবর পৌঁছান টুমলিঙ। ওই রাতে হোটেলে থাকাকালীন অসুস্থ্য হয়ে পড়েন বুবাই। শুরু হয় শ্বাসকষ্ট। স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন অসুস্থ্য বুবাইকে নিয়ে প্রথমে আসেন মানেভঞ্জনে। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে আসা হয় সুখিয়াপোখড়ি স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই গত মঙ্গলবার চিকিৎসক বুবাইকে মৃত বলে ঘোষণা করেন।
দার্জিলিং জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর পর বুবাইয়ের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই অবশ্য দেহ নিয়ে পরিবারের লোকজন বারাসতের বাড়িতে ফিরেছেন। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে শুক্রবার।
ঘটনা প্রসঙ্গে দার্জিলিঙের জেলা শাসক হরিশঙ্কর পানিকের বলেন, ময়নাতদন্তের পরে পর্যটকের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে বৃহস্পতিবার তাদের বাড়ি ফেরার সমস্ত বন্দোবস্ত করা হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। মানেভঞ্জনের মতো জায়গায় বেড়তে যাবার আগে স্বাস্থ্য পরীক্ষা করার আবদেন জানিয়ে তিবি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে এইধরনের ঘটনা আর ঘটবে না।
