দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলার লালমনিরহাটে শ্রী শ্রী গৌরী গোসালা সোসাইটি মন্দির পরিদর্শন শেষে এসআরবি-১৩-এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, এ বছর রংপুর বিভাগের আওতাধীন এলাকায় ৫১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে লালমনিরহাট জেলায় রয়েছে ৪৭১টি মন্দির ও পূজামণ্ডপ।
পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা কিংবা পূজামণ্ডপ ও ভাঙচুর প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।
এসআরবি-১৩ জানিয়েছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।
