চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযানের দাবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকায় মাদক কেনাবেচা ও সেবন বন্ধে অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১১ অক্টোবর) মাদকবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক র্যালি থেকে এ দাবি জানানো হয়। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ ও ‘মাদক নয়, জীবন চাই’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করেন ওয়ার্ডের সচেতন নাগরিকেরা।
কর্মসূচিতে উদয়ন মোড়, জিয়ানগর, প্রান্তিকপাড়া, হাড্ডিপট্টি, চণ্ডীতলা ও রেলবাগানসহ আশপাশের এলাকার বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এসব এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন চলছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং কিশোর-তরুণেরা মাদকের ঝুঁকিতে পড়ছে।
বক্তারা মাদক কারবারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি মাদকের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচি শেষে বক্তারা সংশ্লিষ্ট এলাকাগুলোতে ২৪ ঘণ্টার মধ্যে নিয়মিত অভিযান চালানো এবং মাদক কারবারিদের নেটওয়ার্ক নির্মূলের দাবি জানান। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তাঁরা।
