মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর এটিকে গুজব বলে দাবি করেছেন ইশরাক। তিনি জানিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে আনুষ্ঠানিকভাবেই তা জানানো হবে।
রোববার (১৮ অক্টোবর) রাতে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, এ খবরের কোনো সত্যতা নেই। সবাইকে বিষয়টি গুজব হিসেবে বিবেচনা করার অনুরোধ জানান তিনি।
ইশরাক বলেন, “আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনও নেই। এরকম যদি কোনো সিদ্ধান্ত আমরা দল থেকে নিই, তাহলে সেটি নিয়ে কোনো উড়ো খবরের মাধ্যমে আসবে না। এরকম কোনো প্রেস কনফারেন্স, যেখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন, সেরকম অনুষ্ঠান করে করা হবে।” তিনি আরও বলেন, যাঁরা এ তথ্য দিয়েছেন, তাঁরা উড়ো খবরকে সংবাদ হিসেবে প্রচার করছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এর আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়। তবে রোববার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা সরকারি ঘোষণা পাওয়া যায়নি। ফলে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর এবং তাঁর বক্তব্য—দুই বিষয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অবস্থান গুরুত্বপূর্ণ।
The post পদত্যাগের নির্দেশের খবরে ইশরাকের প্রতিক্রিয়া appeared first on ভোরের চেতনা.
