ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাঁচের বোতল ছোড়ার ঘটনা ঘটেছে জেরুজালেমে। বৃহস্পতিবার রাতে শহরের মাহানেহ ইয়েহুদা বাজারের পাশ দিয়ে তাঁর গাড়িবহর যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ওই দিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়েছিল। তবে বোতল নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে তৎপর হয়ে ওঠেন নিরাপত্তাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্য অনুযায়ী, নিরাপত্তাকর্মীরা দ্রুত প্রতিবন্ধকতা অতিক্রম করে ভিড়ের মধ্যে তল্লাশি শুরু করেন। তবে এ ঘটনার পরও নেতানিয়াহুর গাড়িবহরের চলাচল স্বাভাবিক ছিল বলে জানা গেছে।
প্রাসঙ্গিক সংবাদ
এর আগে বৃহস্পতিবার তেল আবিবের হাটিকভা বাজার পরিদর্শন করেন নেতানিয়াহু। পরে তিনি জেরুজালেমের মাহানেহ ইয়েহুদা বাজারে যান। সেখানে তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল। গাড়িবহরের চলাচল নির্বিঘ্ন রাখতে সাময়িকভাবে হালকা রেলসেবা বন্ধ রাখা হয়।
বাজারে পৌঁছানোর পর নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারাকে জন্মদিনের গান এবং উৎসবমুখর পরিবেশে স্বাগত জানানো হয়। সেখানে উপস্থিত কয়েকজনকে লিকুদ দলের পতাকার পাশাপাশি ইরানের সিংহ ও সূর্য প্রতীকসংবলিত পতাকা ওড়াতে দেখা যায়। এ সময় নেতানিয়াহুকে ফুলের তোড়া হাতে নাড়াতে এবং পরে সেটি সমবেত জনতার দিকে ছুড়ে দিতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোতল নিক্ষেপের ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ বলে নিন্দা জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উসকানি ও এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি রয়েছে। একই সঙ্গে তিনি বামপন্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
এদিকে, একই বাজারে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন নিহত ও সাবেক জিম্মিদের কয়েকজন স্বজন। তাঁদের অভিযোগ, বাজারে উপস্থিত কিছু মানুষ তাঁদের অপমান করেন, ধাক্কা দেন এবং তাঁদের দিকে সবজি ছুড়ে মারেন। স্বজনদের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সময় ইসরায়েলের ক্ষমতায় থাকা নেতাদের জবাবদিহির আওতায় আনার দাবিতে তাঁরা সেখানে গিয়েছিলেন।
অভিযোগকারীদের মধ্যে নিহত জিম্মি গাই ইলুজের বাবা মিশেল ইলুজ, নিহত জিম্মি কারমেল গাতের চাচাতো ভাই গিল ডিকম্যান এবং সাবেক জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকার ছিলেন বলে জানা গেছে।
আইনাভ জাঙ্গাউকার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, তাঁদের ‘বিশ্বাসঘাতক’ ও ‘রাষ্ট্রের শত্রু’ বলে অপমান করা হয়। এ ছাড়া ঘটনার দৃশ্য ধারণের সময় এক ব্যক্তির হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়া এবং তাঁকে ধাক্কা দেওয়ার অভিযোগও উঠেছে। জাঙ্গাউকারের দাবি, পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়, যাতে তাঁরা জিম্মিদের স্বজন হিসেবে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে না পারেন।
তবে বোতল নিক্ষেপের সময় নেতানিয়াহু বাজারে উপস্থিত ছিলেন না। একই এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরকে ঘিরে নিরাপত্তা তৎপরতা, জন্মদিনের আয়োজন এবং জিম্মিদের স্বজনদের অভিযোগ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনাকে নতুন করে সামনে এনেছে।
-20261023112549.jpg&w=1440&q=75)