মিসর ইসরায়েলে হামলা চালালে দেশটিকে সিনাই উপদ্বীপ হারাতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। তার একটি সাক্ষাৎকারের বরাতে মঙ্গলবার (২০ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলি প্ল্যাটফর্ম ‘আলি এক্সপ্রেস’-কে দেওয়া সাক্ষাৎকারে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আশ্বাস নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্মোত্রিচ। সিসি সম্প্রতি বলেছেন, মিসরের ইসরায়েলের ভূখণ্ডের ওপর কোনো দাবি নেই এবং দেশটি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না।
তবে সিসির এসব বক্তব্যে আস্থা নেই বলে জানান স্মোত্রিচ। তার মতে, প্রতিবেশী দেশগুলোর ঘোষিত উদ্দেশ্যের চেয়ে তাদের সামরিক সক্ষমতার ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত।
স্মোত্রিচ বলেন, “তারা যদি বুঝতে পারে যে পরবর্তীবার হামলা চালালে সিনাই আর থাকবে না, সেটিই হবে নিশ্চয়তা।”
ইসরায়েলের কট্টর ডানপন্থি রিলিজিয়াস জায়নিজম পার্টির প্রধান স্মোত্রিচ আরও বলেন, ৭ অক্টোবরের ঘটনা থেকে ইসরায়েলের শিক্ষা নেওয়া উচিত। শত্রুরা কী করতে চায়, শুধু তার ওপর নির্ভর না করে তারা কী করতে সক্ষম, সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
তিনি দাবি করেন, মিসরের সামরিক সক্ষমতা রয়েছে, তাই দেশটির সম্ভাব্য হুমকিকে উপেক্ষা করা উচিত নয়।
স্মোত্রিচের এ বক্তব্য এমন সময়ে এল, যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও ভূখণ্ড নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। মিসরের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের শান্তিচুক্তি থাকলেও দুই দেশের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার মধ্যে এ ধরনের মন্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।
উল্লেখ্য, সিনাই উপদ্বীপ মিসরের সার্বভৌম ভূখণ্ড। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল অঞ্চলটি দখল করলেও ১৯৭৯ সালের মিসর-ইসরায়েল শান্তিচুক্তির পর ধাপে ধাপে প্রত্যাহার করে নেয় এবং ১৯৮২ সালে পুরো সিনাই মিসরের নিয়ন্ত্রণে ফিরে আসে।
