পিরোজপুরের নাজিরপুরে কালীগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনার তিন দিন পর নিখোঁজ মা রীনা বেপারীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার কালীগঙ্গা নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সকালে স্থানীয় বাসিন্দারা শ্রীরামকাঠী ইউনিয়নের মধুরাবাদ এলাকার কালীগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরবর্তীতে থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে উদ্ধার করে।
নিহত রীনা বেপারী পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শংকর বেপারীর স্ত্রী।
এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার শ্রীরামকাঠী বন্দরের ফেরিঘাট এলাকা থেকে অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে নদী পার হওয়ার সময় ৬টি মোটরসাইকেল ও প্রায় অর্ধশত যাত্রীসহ খেয়ার ট্রলারটি ডুবে যায়। অগ্নিকাণ্ড ও আকস্মিক এ দুর্ঘটনায় ট্রলারে থাকা রীনা বেপারী ও তাঁর আট বছর বয়সী শিশুকন্যা অর্পিতা বেপারী নদীতে তলিয়ে নিখোঁজ হন।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে গত দুই দিনে কন্যা অর্পিতা বেপারীর মরদেহ এবং ডুবুরি দলের সহায়তায় পানিতে ডুবে যাওয়া ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অবশেষে বুধবার সকালে নিখোঁজ মায়ের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার তৎপরতা শেষ হয়।
জেএইচআর
